পদত্যাগের প্রশ্নে স্পিকারের সঙ্গে বৈঠক, মিষ্টি বললেন ‘তদন্ত হোক’

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 07:10 am
পদত্যাগের প্রশ্নে স্পিকারের সঙ্গে বৈঠক, মিষ্টি বললেন ‘তদন্ত হোক’

ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পদত্যাগের নির্দেশনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। বলেছেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে সংসদ ভবন থেকে বেরিয়ে যান তিনি।

এ সময় সাংবাদিকেরা তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান মিষ্টি। স্পিকারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

পরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকেরা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’ পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’

জাতীয় সংসদ ও বিএনপির সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পদত্যাগের বিষয়টি নিয়েই স্পিকারের সঙ্গে দেখা করেছেন মিষ্টি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেয়নি স্পিকারের কার্যালয়।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে তাঁকে এ নির্দেশনা দেওয়া হয়। দ্রুত পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিএনপি ও সরকারের সূত্রগুলোর ভাষ্য, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। হামলা ও ভাঙচুরে কারা জড়িত এবং এর পেছনে কারা ছিলেন, তা জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরপেক্ষ তদন্ত হচ্ছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।