মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরের মধ্যে মধ্যরাতে নতুন বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর হলে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানোর কথা বলেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) মধ্যরাতে নিজের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন এ কথা জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ দেওয়া হলে তা কার্যকর হওয়ামাত্রই কার্যকর হবে। এ-সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তৃতীয় বা অন্য কোনো ব্যক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইশরাক আরও লেখেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
এর আগে মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনায় বিতর্কের মধ্যে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এর আগে তিনি এ খবরকে গুজব বলে উল্লেখ করেন এবং এর সত্যতা নেই বলে জানান।