প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 04:10 am
প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালক

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এর আগে বেলা ১১টার দিকে চালকেরা পুরানা পল্টনে জড়ো হন। পরে তাঁরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় কয়েকজন যাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হয়। স্কুলগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ে।

পুলিশ জানায়, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা এ বিক্ষোভ ও অবরোধ করেন। বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে অবৈধ সংযোগগুলোও বিচ্ছিন্ন না করার দাবি রয়েছে।

এছাড়া কয়েক দিন আগে চারজন অটোরিকশাচালককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মুক্তির দাবিও জানান বিক্ষোভকারীরা।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা সেখানে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।