শঙ্খধ্বনিতে মহালয়া: দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা
প্রতীমা রাঙাচ্ছেন মৃৎশিল্পী
চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসা ও শঙ্খধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।
শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সকাল ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন রাখা হয়।
পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।