যারাই জড়িত থাকুক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, হচ্ছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা পুলিশের কাছে সবসময় থাকে এবং তা নিয়মিত হালনাগাদ করা হয়।'
এসব অপরাধীর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, `অভিযান আরও জোরদার করা হবে। কতজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ গ্রেপ্তার হচ্ছে, তা পুলিশ বিভাগ নিয়মিত সংগ্রহ করছে এবং গণমাধ্যমেও তা প্রকাশ হচ্ছে।'
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, `সরকার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবে দেখছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং মামলা নিচ্ছে।'
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, `জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনা সামনে এনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।'
মিরপুরের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `বিষয়টি তদন্তাধীন।'
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, `তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।'
ওই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধীদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, `তা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'