ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় একাধিক নাম

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 06:10 pm
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় একাধিক নাম

গ্রাফিক্স ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা বাড়ছে। ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বিএনপি। দ্রুত নতুন কমিটি ঘোষণার কথা জানানো হলেও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। ফলে নতুন নেতৃত্বে পুরোনো মুখ থাকবেন, নাকি সাংগঠনিকভাবে সক্রিয় নতুনদের সামনে আনা হবে—এ নিয়ে আলোচনা চলছে।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে মাঠের আন্দোলনে ভূমিকা, থানা-ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা ও বিতর্কমুক্ত ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হতে পারে।

সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন ড. এম এ কাইয়ুম, সাইফুল আলম নীরব, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান ও আনোয়ারুজ্জামান আনোয়ার। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এবং দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।

বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন কমিটিতে মাঠপর্যায়ে সক্রিয়তা ও থানা-ওয়ার্ড কমিটির সঙ্গে সমন্বয়ের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টিও নতুন নেতৃত্ব নির্ধারণে বিবেচনায় আসতে পারে বলে জানান তিনি।

সভাপতি পদে আলোচনায় থাকা ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বলেন, সাংগঠনিক কার্যক্রম বাড়াতে নতুন কমিটি প্রয়োজন। দলের একজন পরীক্ষিত ও সৎ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর কমিটি সাজানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দল তাকে যে দায়িত্ব দেবে, তা সর্বোচ্চ দিয়ে পালনের কথাও জানান জাহাঙ্গীর।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সভাপতি মামুন হাসান বলেন, দলের দায়িত্ব একটি আমানত এবং তা রক্ষা করাই তাদের লক্ষ্য। ঢাকা মহানগর উত্তর বিএনপিতে দায়িত্ব পাওয়ার স্বপ্ন তারও রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে আলোচনায় থাকা কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বলেন, দল যখন যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, তার রাজনীতি ঢাকা কেন্দ্রিক হলেও মহানগর বিএনপি নিয়ে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।