জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন নিজ নিজ পদে বহাল রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে দলের বিভিন্ন পদে পরিবর্তন আনা হয়েছে। আগে মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আরও কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও সামান্তা শারমিনসহ অন্যরা।
এছাড়া দলের আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী, পরিবেশ ও জলবায়ু, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনাসহ বিভিন্ন বিভাগে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে যুগ্ম আহ্বায়ক হয়েছেন। এর আগে তিনি দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।