আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন জামায়াত আমির

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন জামায়াত আমির

বিমানবন্দর দলের নেতাদের সঙ্গে ডা. শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

দলীয় সূত্রে জানা গেছে, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকেরা অংশ নেবেন।

তুরস্কের সম্মেলন শেষে সৌদি আরবে ওমরাহ পালন করবেন জামায়াত আমির। আগামী ১১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।