মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়। তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, দণ্ডিত তিনটি অভিযোগের সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
এর আগে গত ৫ অক্টোবর ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। ফলে একই রায়ের বিরুদ্ধে একদিকে খালাস চেয়েছেন ইনু, অন্যদিকে তাঁর সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।