কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয়।
এনসিপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় গিয়ে প্রথমে শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। সেখানে গান শুনে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ করেন তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।
এনসিপির নেতাকর্মীরা জানান, এরপর ২০ থেকে ২৫ জন যুবক এসে গালাগাল শুরু করেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন। নাসীরুদ্দীনকে ঘিরে রেখে রক্ষা করেন সঙ্গে থাকা নেতাকর্মীরা। একপর্যায়ে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা তাঁর গাড়িতে ইট নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, ‘লালন আখড়াবাড়িতে গান শুনে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রথমে একজন ডিম ছোড়ে। এরপর ২০ থেকে ২৫ জন যুবক এসে গালাগাল শুরু করে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে। আমরা তাঁকে ঘিরে রক্ষা করি। পরে গাড়িতে ইট মেরে গ্লাস ভেঙে দেয়।’
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। দলটি মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই।’ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।