যুবদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের ৮

BD REPORT
Admin User 21 Jul 2026 10:07 pm
যুবদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের ৮

বরগুনার যুবদল নেতা নাসির হাওলাদার (৩৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাথরঘাটা থানায় আটজনের নামে মামলাটি করেন নিহতের বোন রুমী আক্তার।

থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘নাসির হত্যাকাণ্ডের ঘটনায় থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে মাহবুব নামে একজনকে আটক করা হয়েছে। শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা যে সংগঠনের সদস্য হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসামিরা হলেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি ঈসা রুহুল্লাহ (৩৮), পৌর ছাত্রশিবিরের সভাপতি কাইউম (২৪), আব্দুস সালাম মুন্সী (৫৫), হাসান (২৫), ইব্রাহিম (১৯), আবু সাঈদ (২৩), রাব্বি (১৯) ও তাঁর বাবা মাহবুব (৫২)। সবাই জামায়াত–শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

হত্যার ঘটনায় শিবিরকর্মীরা অংশ নিয়েছে এবং এর পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা।

তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা শামীম আহমেদ।

Tags: