সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিনটি কমিটি বিলুপ্ত করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। একই দিনে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সংগঠনগুলোর কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিলুপ্ত করা কমিটিগুলো হলো ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদল। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এদিকে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও অনৈতিক আচরণের অভিযোগে বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।
অন্যদিকে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন মহানগর পশ্চিমের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।
একই অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করা হয়।
সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। তবে বুধবার প্রকাশিত দলীয় বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার কোনো উল্লেখ করা হয়নি।