কক্সবাজারে জামায়াত আমির

‘পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব’

BD REPORT
বিডি রিপোর্ট 15 Apr 2026 01:04 am
‘পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব’

কক্সবাজারে জামায়াত আমির

বাজেটের ৪ গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেই টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব।’

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

এরপর লোহাগড়ার সমাবেশ তিনি বলেন, ‘যারা ২৪ স্বীকার করে না, তাদের লাল কার্ড দেখানো হবে। যে যুবকরা বুলেটকে ভয় পায়নি, তারাই আগামীর বাংলাদেশ গড়ে ১৩ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে। যারা ‘না’ এর পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব।’

তিনি আরও বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন— এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।

এসময় তিনি বলেন, ‘এ মহেশখালীকে ইকোনমিক জোন হিসেবে গড়ে তুলে নারী-পুরুষ, মুসলিম-হিন্দু সব ধর্মের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

লোহাগড়া ও মহেশখালীর জনসভা শেষে জামায়াত আমির যোগ দেন কক্সবাজার নির্বাচনি সমাবেশে। যেখানে ১১ দলীয় জোট নেতা ও প্রার্থীরাও অংশ নেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপী প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে এদেরকে লাল কার্ড দেখাবে জনগণ।’